জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানিতে আদালতে উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের ওপর আজ দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী।
এর আগে মঙ্গলবার থেকে এ শুনানি শুরু হয়। প্রথম দিনের আপিল শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান। এ সময় তিনি খালেদা জিয়ার সাজা বৃদ্ধির দাবি জানিয়ে আপিল শুনানিতে বক্তব্য দেন।
গতকালের মতো আজও আদালতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। একদল আইনজীবীর হইচইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের ওপর গতকাল প্রথম দিনের শুনানি হয়।
মঙ্গলবার প্রথমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এর পর গতকালই শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মাহাম্মদ আলী। তারই ধারাবাহিকতায় তিনি বুধবার আবারও শুনানি করছেন। আইনজীবী এজে মুহাম্মদ আলীর শুনানি শেষ করার পর খালেদা জিয়ার অপর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করছেন।
আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানি শুরু হলে এজলাসে এসে বসে তা প্রত্যক্ষ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি দুদক দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন তিনি। ১২ মার্চ খালেদার চার মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ১৯ মার্চ আপিল বিভাগ ৮ মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করেন।





