খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সব ধরনের প্রচার স্থগিত করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বেলা একটায় নিজের দেওয়া সেই ঘোষণা প্রত্যাহার করে প্রচারে নামলেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সকালে সকাল পৌনে ৯টায় মহানগরীর মিয়া পাড়া রোডে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গতকাল বুধবার রাত আটটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত নগরজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেন। এ ছাড়া অনেক নেতা-কর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু আরও অভিযোগ করে বলেন, নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে। এসব ব্যাপারে নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা স্থগিত থাকবে।

এসময় মঞ্জু ঘোষণা দেন, নির্বাচনী কাজে বাধা ও অভিযানের প্রতিবাদে কঠোর কর্মসূচি পালন করবে বিএনপি। ৬ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আসবেন। তিনি আসার আগে এসব কার্যক্রম বন্ধ না করা হলে তাঁর সঙ্গে বিএনপির বৈঠক বর্জন করা হবে। প্রয়োজনে সরকার ও সিইসিকে কালো পতাকা প্রদর্শন করা হবে বলে জানান মঞ্জু।

তবে সকালের সেই ঘোষণা থেকে সরে এসে আজ খুলনা নগরীর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রচার শুরুর ঘোষণা দেন মঞ্জু। তিনি বলেন, এই নির্বাচনকে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। তাই সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এই ঘোষণার পর বিএনপির সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে নামেন মঞ্জু।