পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, তারেক রহমানকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ হোম অফিসে চিঠি পাঠিয়েছে। ব্রিটিশ সরকারের উত্তরের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করছি, কথা বলছি, আলোচনা চলছে। তারেক রহমানকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনিভাবে ও আন্তর্জাতিকভাবে যেটা করা যায়, সেটাই করব।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। গত ১০ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।
সেখানে থাকা অবস্থায় বাংলাদেশের আদালতে দুটি মামলায় তার কারাদণ্ডের রায় হয়। আবার তিনি বিএনপি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানও হন। মা বন্দি হওয়ার পর এখন দলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।





