কারাগারে খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে তিনি চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বেগম জিয়ার জীবন নিয়ে বিএনপি শঙ্কায় আছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারও হাত নেই।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত বহন করে বলে মনে করেন রিজভী।

তার এ বক্তব্যকে খালেদা জিয়ার জীবনের নিরাপত্তার জন্য আরও বেশি উদ্বেগ ও শঙ্কার বলে মনে করছেন রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদেরের ওই বক্তব্য বলে দিচ্ছে, সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।

রিজভী বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- অবিলম্বে দেশনেত্রীর ইচ্ছানুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণের রোষানল থেকে কেউই রেহাই পাবেন না। দেশনেত্রীর চিকিৎসা নিয়ে কারাকর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না।

তিনি বলেন, আমরা তাকে পছন্দানুযায়ী চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ প্রদানের জন্য জোর আহ্বান জানাচ্ছি।