কোনও ‘ফর্মুলা’ না দিয়ে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, তবে তাদের অস্তিত্ব থাকবে না; বাংলার জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’বুধবার (১১ এপ্রিল) নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে।’তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর কোনও বিকল্প নেই।’
দুপুরে বাসা থেকে বের হয়ে প্রথমেই দলীয় কার্যালয়ে যান মন্ত্রী। এরপর মেঘাইবাজার, সোনামুখী বাজার এবং একডালা মহিষামুড়া গোলচত্বরে গণসংযোগ করেন। এরপর সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল এবং এফডব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জিএম তালুকদার মধু, পৌরসভার বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।





