বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বলেছেন, ‘ওনাকে অসুস্থ বলার কোনও সুযোগ নেই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আপাতদৃষ্টিতে আমরা দেখেছি তিনি হেঁটেই এসেছেন। রেডিওলজি বিভাগে হেঁটে গেছেন। সেক্ষেত্রে তাকে একেবারে অসুস্থ বলা যাবে না। তবে শারীরিক অবস্থা সম্পর্কে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডই ভালো বলতে পারবে।’

বিএসএমএমইউ এর ডা. মিলটন হলে শনিবার (০৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাবো। রিপোর্ট হাতে পেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের কাছে দিয়ে দেওয়া হবে।’

যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তা যথেষ্ট নয় এবং এছাড়া খালেদা জিয়াকে হাঁটিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তার জন্য আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। হুইল চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তিনি নিজেই বলেছেন আমি হেঁটে যেতে পারবো। বিএনপির এসব অভিযোগ সত্য নয়। এক্সরে করানোর জন্য মেডিক্যাল বোর্ড যে চিকিৎসকদের দায়িত্ব দিয়েছিল তারাও চারজন (ডা. এফ এম সিদ্দিক, ডা. মামুন, ডা. ওয়াহেদুর রহমান ও কারাগারের চিকিৎসক ডা. শুভ) উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে পুরান ঢাকার নাজিদউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়। শাহবাগ ও বিএসএমএসইউ এর আশপাশে বিএনপির সমর্থকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটকও করা হয়। হাসপাতালের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে বেলা দেড়টার দিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।