খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নেই, ব্যক্তিগত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এসময় ফখরুল ইসলাম আরও বলেন, মানসিক দিক থেকে তাঁর মনোবল এখনো অনেক দৃঢ়। কারাগারে বিএনপির চেয়ারপারসনকে সরকারের পক্ষ থেকে করা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা যথেষ্ট নয়।

তিনি আরো বলেন, দেশে বর্তমানে যে সঙ্কট বিরাজ করছে তার থেকে মুক্তির জন্য জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার শুনানির দিন ধার্য থাকলেও শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি।

ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরবর্তীকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার সাক্ষ্য নেয়া হবে। পরে উভয়পক্ষের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানি ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন আদালত।

এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরাণ ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি কারাগারে প্রবেশ করেন। এ সময় বিএনপি মহাসচিব একাই কারাগারে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় প্রধানের চিকিৎসা, স্বাস্থ্য, মেডিক্যাল বোর্ড নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গাজীপুর, খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের আলোচনা করতে পারেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।