চেক জালিয়াতির মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী খল অভিনেতা আহমেদ শরীফকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোমবার সন্ধ্যায় আহমেদ শরীফ বলেন, ‘আমি জানতামই না আজ রায়ের তারিখ। আমার উকিল রয়েছেন। তিনিই এসব দেখাশোনা করে থাকেন। এই দেশে খালেদা জিয়াও হাজিরা দেন। আমার মতো নাগরিকের হাজিরা দিতে সমস্যা ছিল না, জানলে আমিও হাজিরা দিতাম।’

আজ আদালত তার বিরুদ্ধে কারাদণ্ডাদেশ দিয়েছেন এ নিয়েও সন্দিহান আহমেদ শরীফ। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা প্রচার করা হচ্ছে তা বানোয়াট। একটা গ্রুপ আমাকে ছোট করতেই এসব করছে। আজকে আমার হাজিরা দেওয়ার কথা থাকলে আমাকে আমার উকিল নিশ্চয়ই জানাতেন। আজ আমার কোর্টে কোনো হাজিরা ছিল না। আমার হাজিরা থাকলে আমি দিই।’

তিনি আরো বলেন, ‘কারাদণ্ডের ব্যাপারে আমি কিছুিই শুনিনি, কিছু জানিও না। আমাকে নিয়ে অপপ্রচার চালোনো হচ্ছে। উকিলের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেবো।’

মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়।

ওই সময় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ হলে বিচারক আজ মামলাটির রায় প্রদান করেন। আহমেদ শরীফ আদালতে হাজির না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।