বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে লজ্জা পায়। গত বছরের মতো এবারও দিবসটিতে তারা নিশ্চুপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার (২৫ মার্চ) রাজধানীতে যাত্রী পরিবহনে নতুন তিনটি রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

২৪ মার্চ এরশাদের ক্ষমতা দখলের দিনে জাতীয় পার্টিকে সমাবেশের অনুমতি দেওয়ার কারণ জানাতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে তারা সমাবেশ করতেই পারে। প্রশাসন তাদের অনুমতি দিয়েছে, তারা সমাবেশ করেছে।

বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে বিবিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে আমাদের দল থেকে স্পষ্ট করে অবস্থান জানানো হয়েছে। এরপরও কেন বিষয়টি আলোচনায় আসছে?

তিনি আরও বলেন, জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উত্তরণের তালিকায় স্থান দিচ্ছে তখন জার্মান প্রতিষ্ঠানটি আমাদের স্বৈরাচারি দেশের তালিকায় নাম তুলছে কেন? তাদের উদ্দেশ্য কী?