বিকেল ৩ টার কিছু পরে বেগম জিয়া জানতে পারেন হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। একজন ডেপুটি জেলার বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর জামিনের খবর দেন। খবর শুনে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আলহামদুলিল্লাহ্’।
এরপর তিনি ডেপুটি জেলারের কাছে জানতে চান, ‘আমার মুক্তি কবে?’ উত্তরে ডেপুটি জেলার বলেন, ‘আমাদের কাছে জামিনের আদালতের কপি এলেই আমরা ছেড়ে দেবো। আমরা তো ম্যাডাম কাউকে মুহূর্তের বেশি আটকে রাখি না।’
এরপর বেগম জিয়া জানতে চান, ‘আজ কি কাগজ আসবে?’ জবাবে ডেপুটি জেলার তাঁর অজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ‘সেটা তো বলতে পারবো না, ম্যাডাম।’
বেগম জিয়ার আনন্দ সংযত হলেও তাঁর গৃহপরিচালিকা জামিনের খবরে বেশ উল্লাস প্রকাশ করেন।
কারা সূত্রের খবর হলো, ফাতেমা বেগম জিয়ার কাপড়-চোপড় গোছানো শুরু করেছেন। ডেপুটি জেলার বিদায় নেওয়ার আগে তাঁকে খালেদা জিয়া বলেন, ‘কোনো খবর পেলে আমাকে জানাবে’ সূত্রমতে, জামিনের খবর শোনার পর বেগম জিয়া দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করেন।’
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। বয়স ও শারীরিক বিবেচনায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করা হয়েছে বলে আদালত জানিয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।





