বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ মার্চ) এ জনসভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, এরই মধ্যে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে লালদীঘি মাঠ ব্যবহারের অনুমতি মিলেছে। গতকাল রোববার বিএনপির একটি প্রতিনিধি দল নগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপি নেতাদের মতে, জনসভা আয়োজনে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন।

সূত্র জানায়, বিগত সময়ে বন্দরনগরী চট্টগ্রামের সব জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ এবার তিনি কারাগারে। তার মুক্তির দাবিতেই জনসভার আয়োজন। তবে জনসভায় দলের সভানেত্রী উপস্থিত না থাকলেও সব নেতা-কর্মীর অন্তরে স্থান রয়েছে তার। তারই অংশ হিসেবে জনসভায় বেগম খালেদা জিয়ার জন্য প্রধান অতিথির আসন বরাদ্দ থাকবে। জনসভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও খালেদা জিয়ার চেয়ারটি শূন্য থাকবে। নগর বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বিষয়টি জানিয়েছেন।

দলের সূত্র জানান, বৃহস্পতিবারের জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকালেই তারা চট্টগ্রাম আসবেন। জনসভা শেষে রাতের ফিরে যাবেন।

চট্টগ্রামের বিএনপি নেতরা বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নামবে। আমরা জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করে জনসভায় সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছি।