বিএনপি নেতারাও সহসাই বেগম জিয়ার মুক্তির আশা ছেড়ে দিয়েছেন। আগামীকাল (সোমবার) জিয়া অরফানেজ মামলায় জামিনের ব্যাপারে আদেশ দেবে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বিএনপির আইনজীবীরা আশা করছেন, হাইকোর্ট বেগম জিয়াকে জামিন দেবে। কিন্তু বিএনপির আইনজীবীরাই স্বীকার করেছেন,

‘এই মামলায় জামিন হলেই, তাঁর মুক্তি হচ্ছে না।’ সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী বলেছেন, ‘আমার জানামতে ম্যাডামের বিরুদ্ধে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। গ্রেপ্তারি পরোয়ানাগুলো সংশ্লিষ্ট আদালত কারাগারেও পাঠিয়েছে। যদিও তাঁকে অন্য মামলায় এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। কিন্তু যখনই বেগম জিয়া জামিন পাবেন (জিয়া অরফানেজ মামলায়) তখনই তাঁকে আরেকটি মামলায় অটোমেটিক গ্রেপ্তার দেখানো হবে।‘

যে সব মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেগুলোর জামিনের কি অবস্থা জানতে চাওয়া হলে, বেগম জিয়ার অন্যতম আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, ‘আমরা একটি মামলা হাইকোর্টে স্থাগিত করেছিলাম। কিন্তু আপিল বিভাগের চেম্বার জজ তা স্থগিত করে দেয়। অন্য মামলায় এখনো জামিনের প্রক্রিয়া শুরু হয়নি।’

এটা কি আইনজীবীদের ব্যর্থতা নয়? জিজ্ঞেস করা হলে, সাবেক পিপি রেজ্জাক খান বলেন, ‘আমরা চেষ্টা করছি।’