এরশাদ এবং রওশন এরশাদ চাইলেও পদত্যাগে রাজি না জাতীয় পার্টির তিনমন্ত্রী। বরং তারা পাল্টা এরশাদকে আগে ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত’ থেকে পদত্যাগ করতে বলেছেন।

তিন মন্ত্রীর একজন এরশাদকে বলেছেন, ‘স্যার আপনি আমাদের নেতা। পদত্যাগের নেতৃত্বও তো আপনাকেই দিতে হবে।’

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পাটির একজন মন্ত্রী বলেছেন,‘আমাদের চেয়ারম্যান মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূত। আজ তিনি পদত্যাগ করুন, আমাদের পদত্যাগ করতে ৫ মিনিটও লাগবে না।’

উল্লেখ্য, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপনী ভাষণে জাতীয় পাটির কো-চেয়ার এবং সংসদে বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ ‘কার্যকর বিরোধী দল হওয়ার স্বার্থে’, তাঁর দলের মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বের করে আনার আকুতি করেন।

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদনে তিনি বলেন, ‘জাতীয় পাটির মন্ত্রীদের সরিয়ে নিন।’ এর দুই দিন পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ রংপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘জাপার মন্ত্রীদের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র।’ প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বলেছেন, জাতীয় পার্টির মন্ত্রীরা চাইলেই পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং পদত্যাগ পত্র জমা দিলেই তা গ্রহণ করা হবে।

এই পরিপ্রেক্ষিতেই গত বৃহস্পতিবার রওশন এরশাদ তিনমন্ত্রীকে পদত্যাগ পত্র জমা দিতে বলেন। কিন্তু কেউই রওশন এরশাদের কথায় আগ্রহ দেখাননি। উল্টো তারা আগে, এরশাদকে পদত্যাগ করার পাল্টা প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য বর্তমানে জাপার এক মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। এরা হলেন, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু। এছাড়াও এরশাদ মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।