‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন বেসামাল মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বেসামাল মিথ্যাবাদী। তিনি বলেছেন-বিএনপি বেআইনিভাবে সমাবেশ করেছেন। এতবড় টাটকা মিথ্যা কথা তিনি কীভাবে বললেন?’।
তিনি বলেন, ‘আমরা পুলিশকে অবহিত করেছি এবং পুলিশের অনুমতি নিয়েই সমাবেশ শুরু হয়েছিল। আওয়ামী নেতারা নিজেদের পাপ ঢাকতেই মিথ্যা কথা বলেন। পুলিশ বিএনপির কর্মসূচিতে অবাঞ্ছিত অনুপ্রবেশ করেছে।’
সবদলের অংশগ্রহণের জন্য নতুন কোনো উদ্যোগ নেয়া হবে না বলে সিইসির দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তাহলে কী কমিশন একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে? যদি তাই হয় নির্বাচন নির্বাচন জিকিরের তো দরকার নেই। শিডিউল ঘোষণা করে পরের দিনেই ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই পারেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল যে অনাচার শুরু করেছে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ। প্রধানমন্ত্রী সরকারি খরচে হেলিকপ্টারে দেশের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, আর কমিশন দেখেও না দেখার ভান করছে।





