বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টুকে ‘ডাবল এজেন্ট বললেন বিএনপির আরেক শীর্ষ নেতা মির্জা আব্বাস। আজ মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে আব্বাস এই মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতেই মির্জা আব্বাস ছিলেন। আবদুল আওয়াল মিন্টু আসেন খানিকটা পরে।

এসেই তিনি মির্জা আব্বাসের পাশে দাঁড়ান। মির্জা আব্বাস তাঁকে দেখেই বলেন, ‘কি খবর ডাবল এজেন্ট। কোত্থেকে এলেন?’ মিন্টু প্রথমে বুঝতে পারেননি।

মির্জা আব্বাস পরে, বিএনপির আরেক নেতাকে বলেন, ‘উনিতো দুপক্ষেরই খবর রাখেন। ওনার এক পকেটে সরকারের প্লান অন্য পকেটে তারেকের প্লান। ওনার কিছুই হয় না। আমগো মামলা শেষ প্রায়, ওনার মামলা শুরুই হয় না। এখন মানববন্ধন করতাছি, একটু পর পালামু, রাইতে বাসায় থাকতে পারি না। আর উনি মানববন্ধন কইরা যাবেন বিয়াই বাড়ি।’

মিন্টু কোনো কথারই জবাব দেননি। শুধু হাসেন। মানববন্ধন শেষে মিন্টু আবার হাত মেলান মির্জা আব্বাসের সঙ্গে। তারপর কানে কানে কিছু একটা বলেন। এরপর দুজনই একসঙ্গে প্রেসক্লাব ত্যাগ করেন।