জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি।
সোমবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল পৌনে ১১টার দিকেই জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে অংশগ্রহণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমি খসরু মাহমুদ চৌধুরীস বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকসহ, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে ‘জেলের তালা ভাঙব খালেদা জিয়াকে আনব, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেব না।’ এর আগে মানববন্ধনে অংশ নিতে খণ্ড খণ্ড ভাবে সকাল ৯টা থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। এদিকে, বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খালা বাহিনী।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির কথা জানান।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।





