আগামী জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এক সভায় সাঈদ খোকন এ মন্তব্য করেন। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার জন্য ওই যৌথ সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সাঈদ খোকন বলেন, ‘চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ৭ মার্চ জনসভায় নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বক্তব্য পাড়া মহল্লার সব মানুষের নিকট আপনারা পৌঁছে দেবেন। জনগণকে সংগঠিত করবেন। জনগণকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে আমরা সরকার গঠন করব। এতে দেশ অর্থনৈতিক মুক্তির বাস্তব রূপ লাভ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।’
মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। এটা আমাদের জন্য গৌরবের, অহংকারের। এই স্বীকৃতির ফলে যত দিন এই পৃথিবীতে মানব সভ্যতা থাকবে, তত দিন বঙ্গবন্ধুর ভাষণ টিকে থাকবে।’
ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জ্যেষ্ঠ সহসভাপতি ও ডিএসসিসি ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নফী প্রমুখ বক্তব্য দেন।





