আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপিকে আদালত স্বীকৃত দুর্নীতির কালিমা নিয়েই অংশ নিতে হবে।
শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানী ও ইসপিঞ্জারপুর গ্রামে শতভাগ বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কিংবা অন্য কেউ দেশে অরাজকতা সৃষ্টি করলে ৭১ এ পাকিস্তানকে যেভাবে মোকাবেলা করা হয়েছে সে ভাবেই তাদের কঠোর হস্তে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে জেল খানায় রয়েছেন। তার ছেলে তারেক রহমানও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দেশে আসামাত্র তাকে জেলে যেতে হবে। সব মিলিয়ে বিএনপি এখন দেশি-বিদেশি আদালত স্বীকৃত দুর্নীতিবাজের দল।
তিনি বলেন, কাজেই এ দেশের মানুষ সন্ত্রাস/দুর্নীতিবাজের দল বিএনপিকে আর ভোট দিবে না। অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। দেশে এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে। এই উন্নয়নের চাকাকে আরো গতিশীল করতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যাস মোহাম্মদ আলী কিসলু, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মো. শাহিনুর রহমান প্রমুখ।





