বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আমার প্রতি ক্ষুব্ধ। তবে প্রধানমন্ত্রীর প্রতি আমার কোনো রাগ নেই। কারণ তিনি যেভাবে রাষ্ট্রপরিচালনা করছেন সবকিছুই ঠিক হতো যদি একটু সংযত হতেন।’

তিনি এসময় মন্তব্য করেন, জনগণ নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘প্রতিহিংসার রাজনীতি : জাতীয় নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় শরীক বাংলাদেশ লেবার পার্টি এ আলোচনা সভার আয়োজন করে।

বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে মওদুদ বলেন, এতোদিন ধরে জেনে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ দলীয়করণ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে সেই মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছে সরকার। সরকারের মদদপুষ্টরাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।

তিনি বলেন, রাষ্ট্রীয় খরচে ভোট চাওয়া অনৈতিক ও বেআইনি। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে প্রবীণ এ আইনজীবী বলেন, সরকারি খরচে ভোট চাওয়া বন্ধ করুন, নতুবা বিএনপিকেও অনুমতি দেন। যাতে আমরাও ধানের শীষে ভোট চাইতে পারি। তাহলেই বুঝবো দেশে আইনের শাসন ও তা প্রয়োগেও সমতার বিধান আছে।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সংবিধান কোনো বাধা হতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির এ অন্যতম শীর্ষ নীতিনির্ধারক।