খুলনা সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার বেলা তিনটার দিকে তিনি জনসভায় যোগ দেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তিনি খুলনা সফরে এসেছেন।

তিনি তার ব্যক্তিতায় বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বর্জায় রাখতে আগামিতে আপনারা আবার নৌকা মার্কা ভোট দিবেন। আপনার দুই হাত তুলে দেখান আপনার যে নৌকা মার্কায় ভোট দিতে চান।

এর আগে দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভার কার্যক্রম। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য দেন। কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য দেয়ার আগে তিনি ৪৭টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় জনসভা। এর আগে ৮ ফেব্রুয়ারি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে সমাবেশ করেন তিনি। প্রতিটি সভাতেই মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সংখ্যক। পুরুষের পাশাপশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে বেলা ১১টার পর থেকেই নগরীর বিভিন্ন সড়ক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। সার্কিট হাউজ ময়দান কর্মী-সমর্থদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনসহ জনসভাস্থলে আসেন।

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা নিজেদের নেতাদের সমর্থন দিয়ে দলের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সমগ্র খুলনা মহানগরী। মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। মোড়ে মোড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাতায়াতের পথে সব দোকানপাট এক দিনের জন্য বন্ধ থাকবে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর পিপিএম।