বিএনপির সমালোচনা করে চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আল্লাহ আছেন, বিচার আছে। আমাকে জেল দিয়েছিলেন। এখন জেল আপনার অতি সন্নিকটে। অনেক অন্যায় করেছেন, তার প্রতিফল পাচ্ছেন।’
১ জানুয়ারি ২০১৮ সোমবার জাপার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন এরশাদ।
একই সাথে এরশাদ দাবি করেছেন, আওয়ামী লীগকে তিনবার ক্ষমতায় এনেছেন।সভায় এরশাদ বলেছেন, ‘আওয়ামী লীগ তিনবার আমাদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে। বিনিময়ে কিছুই পাইনি। ১৯৯৬ সালে বিএনপি প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখান করে আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম।’
এরশাদের তীব্র অভিযোগ, ‘বিশ্বাসঘাতকতা করেছিল আওয়ামী লীগ। জাপার তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে দল ভাঙ্গায়। জাপার ৩৫ এমপির ১৪ জনকে কিনে নেয়।’
এরশাদের দাবি, গত মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে জাপা ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখাব, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’
২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের পরেও তিনি বঞ্চনার শিকার হন বলে দাবি করেন এরশাদ। তিনি বলেন, ‘কথা ছিল ৪৮টি আসন দেবে। কিন্তু দেয়া হয় মাত্র ৩৩টি। এর মধ্যে ২৯টিতে জয়ী হয় জাপা। বিএনপি পায় ৩০টি। ১৫টি আসন কেড়ে না নিলে জাপাই প্রধান বিরোধীদল হতো। কিন্তু আওয়ামী লীগ তা হতে দেয়নি।’
বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্বে জাপার একাংশ অংশ নেয়। তিনি অভিযোগ করেন, এবারও তাকে ও জাপাকে মূল্যায়ন করেনি আওয়ামী লীগ।
জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুলআমিন হাওলাদার এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।





