জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সাজা প্রদান করে নিম্ন আদালতের দেয়া রায় আপিলেও বহাল থাকবে বলে বিশ্বাস করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতার দায় আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন কেন? এটা দুঃখজনক। খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। আমি আদালতে আইনীভাবে কথা বলেছি।
জামিন শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীদের কি ব্যর্থতা ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি লক্ষ্য করেছি এ মামলা শুনানির সময় আইনজীবীদের মধ্যে কো-অপারেশনের অভাব ছিলো। একটি মামলায় এতো আইনজীবী থাকলে কো-অপারেশনের অভাব হয়।
তিনি বলেন, আদালতে এ মামলা শুনানির সময় এতিমের টাকা আত্মসাতের কথা আসলেই খালেদা জিয়ার আইনজীবীরা রেগে যান। তারা সহ্যই করতে পারেন না।
তিনি অভিযোগ করে বলেন, আইনজীবীদের পেশাগত জায়গা থেকে তারা এটা করতে পারেন না।
মাহবুবে আলম বলেন, পৃথিবীর ইতিহাসে এরকম এতিমদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আদালতে খালেদা জিয়ার জামিন শুনানিতে তাদের আইনজীবীরা বক্তব্য দিয়েছেন, আমরাও বক্তব্য দিয়েছি। এখন আদালত মনে করলে তাকে জামিন দিতেও পারেন। তাদের আইনজীবীরা শুধু শুধু আমাদের দোষারোপ করছেন।





