জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ড. কামাল হোসেনের সহায়তা চাইতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের ল’চেম্বারে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার আবদুর রেজাক খান, আমিনুল ইসলামসহ কয়েকজন আইনজীবী। ড. কামাল হোসেনের কাছে রায়ের কপি দিয়ে তারা বলেন, এ ব্যাপারে আপনার সাহায্য চাই।

এ বিষয়ে খালেদা জিয়ার মামলার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ড. কামাল খুব ইতিবাচক ছিলেন। পুরো মামলার খোঁজখবর নিয়েছেন। আমরা বিস্তারিত বলার পর, তিনি বললেন, সাজা হলো কীভাবে। যে প্রমাণ আছে, বক্তব্য আছে, তাতে তো এটা হওয়ার কথা না। তিনি পুরোটা শুনে দুঃখ প্রকাশ করলেন। সহানুভূতি প্রকাশ করলেন। আমাকে তিনি বললেন, ফাইলটা রেখে যাও। ফাইল রেখে এসেছি।

তিনি বলেন, ড. কামাল হোসেন এও প্রত্যাশা করছেন, হাইকোর্টের রেওয়াজ অনুযায়ী খালেদা জিয়ার জামিন হওয়ার কথা। তিনি বলেছেন, ম্যাডামের বেল হয়ে যাবে। কে মামলার বিষয়ে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন ড. কামাল হোসেন। জানা গেছে, ড. কামাল হোসেন মির্জা ফখরুলকে বলেছেন, সবাইকে সামনে থাকতে হয় না। তিনি মামলায় না লড়েও কাজ করতে পারবেন। এক্ষেত্রে তিনি ক্রিমিনাল ল’তে অভিজ্ঞ আইনজীবী, দল ও দলের বাইরে, প্রত্যেককে নিয়েই কাজ করার ব্যাপারে মত দেন।

ড. কামাল বলেন, রায়ের কপি আমি রেখেছি। আমি তাদের বলেছি, আমি রাখলাম। পড়ে দেখব। বড় রায় দুএকদিন তো লাগবেই পড়তে। এরপর উপদেশ দেব আর কী। ড. কামাল হোসেন বিএনপির প্রতিনিধি দলকে এও জানান, যে তিনি ক্রিমিনাল ‘ল’ লড়েন না। আর রায়ের কপি দিলেও তার ভাষ্য, না পড়ে তো কিছুই বলতে পারছি না।