বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী রোববার আদালতে হাজির করতে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রোববার ও সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য আছে।
জানতে চাইলে মোশাররফ হোসেন কাজল পরিবর্তন ডটকমকে বলেন, খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য দুদকের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কোনও আদেশ দিয়েছেন কি না, তা জানি না। আদালত খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দিলে তা কারা কর্তৃপক্ষকে দেবে। কারণ খালেদা জিয়া কারাগারে আছেন। আর আদালতে হাজির করার আদেশ দিলে তা কারা কর্তৃপক্ষই কার্যকর করবে।
আইনজীবী বলেন, আর যদি খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ না দেয়া হয়, সেক্ষেত্রে হয়তো মামলার তারিখ পেছাতে পারে আদালত।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামানের আদালতে এই আবেদন করে দুদক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।





