বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাশ করলেও তিনি বাংলাতে ফেল করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত ‘আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরণ্যে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ বলেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছড়িয়ে আইনিভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
হাছান মাহমুদ বলেন, এটা দিবালোকের মতো স্পষ্ট খালেদা জিয়ার স্বাক্ষরই জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট টাকা উত্তোলন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে না। খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মায়া কান্না করলেও বিশ্ব সম্প্রদায় খালেদা জিয়ার দুর্নীতির জন্য মায়া কান্না দেখায়নি।
খালেদা জিয়ার শৈশব থেকে উর্দু প্রীতি উল্লেখ করে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাশ করে বাংলাতে ফেল করেছেন। তিনি উর্দুকে ভালবাসতেন। তাই তিনি উর্দুতে পাশ করেছেন। ভাষা দিবসে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের ভারাক্রান্ত হওয়া কিছু নেই।সাবেক এই মন্ত্রী বলেন, আগামী একাদশ নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে দল বড় নাকি দুর্নীতিবাজ দল প্রধান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জোটের উপদেষ্টা সারাহ বেগম কবরীসহ অন্যানরা।





