জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইমামলায় পাঁচ বছরের দণ্ডাদেশ পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিনের আবেদন করলে দুদকতার বিরোধিতা করবে।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

দুদকের আইনজীবী বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের কর্মচারীদের কাছ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি সংগ্রহ করেন।

কপি সংগ্রহ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আজ রায়ের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করলাম। এখন এটি দুদকের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। ওখান থেকে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত এলে আমরা আপিল করব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতে জামিনের আবেদন করলে আমাদের কাছে একটি কপি পাঠাবে। সেই কপি পাওয়ার পর আমরা জামিনের বিরোধিতা করব।’

কাজল আরো বলেন, ‘আমরা খালেদা জিয়ার সাজা চেয়েছিলাম যাবজ্জীবন। কিন্তু আদালত তাঁর বয়স বিবেচনায় দিয়েছেন পাঁচ বছর সাজা। সেই বিষয়ে আমরা দুদকের সাথে যোগাযোগ করে আপিল দায়েরের সিদ্ধান্ত নিব।’

কাজলের আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।