বিএনপিকে আইট্টা কলা গাছের সঙ্গে তুলনা করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।শাজাহান খান বলেন,
‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি থেকে কেউ কোনোদিন কিছুই পায়নি এবং তারা কোনোদিন কিছু পাবেও না।
কারণ আইট্টা কলা গাছে কখনও সবরী কলা ধরে না।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার আশা করা বেয়াদবি ছাড়া কিছুই নয়।
দেশকে রক্ষা করতে হলে রাজাকার আলবদর ও জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ সংগঠন বিএনপিকে সবাই মিলে রুখতে হবে। যারা রাজাকারদের মন্ত্রিত্ব দেয় তাদের থেকে আর কী আশা করা যায়?’ সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা অব্যাহত রাখতে দেশের সব মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।





