ড়পুকুরিয়া কয়লাখনি–সংক্রান্ত দুর্নীতি মামলায় রোববার তার হাজিরার দিন ধার্য রয়েছে। এজন্য খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে কারা কর্তৃপক্ষের ওপর।
এবিষয়ে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করানো হবে কি না, সেটা নির্ভর করছে কারা কর্তৃপক্ষের ওপর। তবে এই মামলায় খালেদা জিয়া আইনজীবীদের মাধ্যমে হাজিরা দিচ্ছিলেন। সেজন্য কাল তাঁকে হাজির নাও করা হতে পারে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি খালেদাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-২। তখনও তাকে হাজির করা হয়নি।
খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করানোর পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ) জারির আবেদন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। সেখানে বলা হয়, রমনা থানার একটি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তাই তাঁকে হাজির করানোর জন্য পিডব্লিউ জারি করা হোক। শুনানি নিয়ে আদালত ১২ ফেব্রুয়ারি খালেদাকে হাজির করানোর নির্দেশ দেন। আদালত সূত্র বলছে, ওই দিনই খালেদা জিয়াকে আদালতে হাজির করানোর জন্য কারাগার কর্তৃপক্ষের কাছে পিডব্লিউ ইস্যু করা হয়।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর। মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।
মামলার অন্য ৪ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।
মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।





