বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি দেওয়া নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইন হাতে নিয়ে বেআইনি কাজ করছে।
শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
বৈঠক থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং রায়ের সার্টিফাইড কপি দেওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য বৈঠকে নিন্দা জানানো হয়েছে। বৈঠকে আইনজীবীরা জানিয়েছিন, বেআইনিভাবে সরকার রায়ের সত্যায়িত কপি দিচ্ছে না। এটা আইনের লঙ্ঘন। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখাই সরকারের ইচ্ছা।
বৈঠকে আসন্ন ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, রায়ের কপি না দেওয়ার এখনো পর্যন্ত যুক্তিসংগত কোনো ব্যাখ্যা তাঁদের দেওয়া হয়নি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





