বেগম জিয়ার কারাগারে যাবার পর প্রতিক্রিয়ায় অবাক আওয়ামী লীগ। বিএনপি এত নিস্তেজ এবং নির্বিষ কর্মসূচি দেবে সেটা ভাবতে পারেনি আওয়ামী লীগের নেতারা। বিএনপির অসহায় আত্মসমর্পনে অবাক ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য এবং মন্ত্রী বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপকালে বলেন, ‘সত্যি বলতে কি আমি অবাক হয়েছি। ব্যক্তিগত ভাবে এর চেয়ে বেশি প্রতিক্রিয়া আমি আশঙ্কা করেছিলাম।’ একই রকম মনোভাব জানিয়েছেন, আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য। তাঁর মতে, ‘বিএনপি যে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, এই ঘটনা তারই প্রমাণ।’ এর ব্যাখা করে তিনি বলেন ‘গত ১০ বছর দেশের মানুষের জন্য নয়, বিএনপি রাজনীতি করেছে জিয়া পরিবার রক্ষার জন্য। তারেক জিয়ার মামলা, খালেদা জিয়ার বিচার এবং মামলা এই গণ্ডিতেই আটকে গেছে দলটির রাজনীতি। একারণেই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপির কর্মসূচিতে তাই শুধু কর্মীরাই আছে, সাধারণ মানুষ নেই।’ অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ‘বিএনপি যে আন্দোলন করছে এটাও অন্যায্য এবং অন্যায়। এটা আদালত অবমাননা।’ তিনি বলেন ‘বেগম জিয়ার গ্রেপ্তারে সরকারের কোনো ভূমিকা নেই। এটা আদালতের নির্দেশে হয়েছে। তাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম জিয়ার জন্য আন্দোলন করার কোনো অধিকার দলটির নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজপথে আন্দোলন না করে আদালতে আইনি লড়াই করার পরামর্শ দেন বিএনপিকে।





