জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী বৃহস্পতিবার উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

কারাফটকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘নিম্ন আদালতের রায়ের ‘সার্টিফায়েড কপি’ আগামীকাল বুধবার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি কাল রায়ের কপি পাই তাহলে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আপিল আবেদন করতে পারব।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের দায়ে পাঁচ বছর সাজা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এই রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) হাতে না পাওয়ায় তার মুক্তির প্রক্রিয়া শুরু করতে পারছিলেন না আইনজীবীরা।

তবে ওই রায়ের সত্যায়িত কপি আজ বুধবার বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা হাতে পাবেন বলে জানা গেছে।অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করার পাশাপাশি খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলে আগেই জানিয়েছেন আইনজীবীরা।

আইনজ্ঞরা বলছেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর খালেদা জিয়ার আইনজীবীরা তার মুক্তির প্রক্রিয়া শুরু করবেন, এটা ঠিক। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষও তো তার জামিনের বিরোধিতা করবে। আপিল আবেদনেও লড়বে। হাই কোর্টে যে পক্ষই হারুক তারা আবার সুপ্রিম কোর্টে যাবে। উচ্চ আদালত পর্যন্ত সব প্রক্রিয়া শেষ করে খালেদা জিয়ার মুক্তি পেতে বেশ বিলম্বই হতে পারে বলে মত তাদের।