বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি শেখ নাজমুল আলম সমকালকে বলেন, মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুদুর বিরুদ্ধে ভাংচুর ও অগি্নসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বিএনপি নেতা দুদু মিরপুর ১০ নম্বর এলাকায় একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুদুকেগ্রেফতার করা হয়। অন্য নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন।

মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান সমকালকে বলেন, বিএনপির এই নেতার বিরুদ্ধে মিরপুর এলাকায় বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এদিকে গোয়েন্দা পুলিশের অন্য এক কর্মকর্তা জানান, চলমান অবরোধে গাড়িতে অগি্নসংযোগ ও নানা নাশকতায় উস্কানির অভিযোগে বিএনপির বেশ কয়েকজন নেতাকে খুঁজছে পুলিশ। তাদের গ্রেফতারে রাজধানীর একাধিক জায়গায় অভিযানও চালানো হচ্ছে। রাত ১টা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল।

৬ জানুয়ারি থেকে বিএনপি জোটের ডাকে টানা অবরোধের মধ্যে এ পর্যন্ত দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর| দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সর্বশেষ গতকাল রাতে গ্রেফতার হলেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

এদিকে দুদুকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক বিবৃতিতে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।