দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে ২০ দলীয় জোট। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভায় সর্বসম্মতিক্রমে জোটের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দিয়ে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে এজন্য ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে নেয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

তিনি বলেন, ২০ দলীয় জোটের সভায় বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে সকলে। দেশনেত্রীর মুক্তির দাবিতে অদূর ভবিষ্যতে ২০ দলীয় জোট আলাদা আলাদা কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিএনপির আগামী কর্মসূচি যেগুলো আছে (তিন দিনের) সেসব কর্মসূচিতে একাত্মতা ঘোষণাই নয় অংশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় ২০ দলীয় জোটের ঐক্যকে আরো প্রসারিত করার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তারা (জোট নেতারা) কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন জানিয়ে ফখরুল বলেন, তিনি (তারেক রহমান) একটা প্লাটফর্ম তৈরি করে জনগণের জোট তৈরি করতে বলেছেন। সভায় জোটের সকল সরিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ফখরুল।