বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রায়ের কপি পেলে সোম বা মঙ্গলবার আমরা আপিল করবো। শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এ সময় মওদুদ বলেন, নির্জন কারাবাস বলতে যা বোঝায়, ম্যাডামকে তা দেয়া হয়েছে। জনমানবহীন পরিবেশে রাখা হয়েছে। দেয়া হয়নি ডিভিশন। সাধারণ কয়েদীদের যা খেতে দেয়া হয়, খালেদা জিয়াকেও তা-ই দেয়া হয়েছে, যা প্রায় অখাদ্য।
বিএনপির এ নেতা আরো বলেন, যে গৃহ পরিচারিকাকে খালেদা জিয়ার সঙ্গে রাখার কথা বলা হয়েছে, সেই ফাতেমাকেও এখনো থাকার অনুমতি দেয়া হয়নি। এটা সরকারেরই দেখা দরকার। এ বিষয়ে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান ব্যারিস্টার মওদুদ।
তিনি বলেন, রায়ের কপি পেলে সোম বা মঙ্গলবার আমরা আপিল করবো। খালেদা জিয়া অসুস্থ। হাঁটুর ব্যথায় একা একা কষ্ট পাচ্ছেন। অথচ ডিভিশন দেয়া হয়েছে বলে প্রপাগান্ডা করা হচ্ছে। আইন অনুযায়ী তিন ক্যাটাগারিতে তিনি ডিভিশন পান। দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, একটি দলের প্রধান। অথচ তাকে সাধারণ কয়েদীর মতো রাখা হয়েছে। একদম নির্জন এক সেলে।
এর আগে বিকেল ৪টা ২৬ মিনিটে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়ার পাঁচ আইনজীবীকে। বিকেল ৫টা ৪৫ মিনিটে সেখান থেকে বের হন তারা। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপরই তাকে রাখা হয় পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ আরো পাঁচজন ১০ বছরের দণ্ড পেয়েছেন।





