দলের পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে এই প্রথম ভাইস-চেয়ারম্যান, চেয়ারপাসনের উপদেষ্টা ও যুগ্ম-মহাসচিবদের সাথে জরুরী বৈঠক আহবান করেছে দলটির স্থায়ী কমিটি।
শনিবার সন্ধ্যা ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একত্রে মিলিত হচ্ছেন তারা।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবসহ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠকে মিলিত হবেন।
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর এই প্রথম একসঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকের বৈঠকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
বৃহস্পতিবার খালেদা জিয়া পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের কারাগারে বন্দি হওয়ার পর দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এটাই বিএনপি নেতাদের আনুষ্ঠানিক প্রথম বৈঠক। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।





