কারাগারে বেগম জিয়া অনশনের হুমকি দিয়েছেন। শনিবার সকাল ৮ টার দিকে বেগম জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের কাছে এই হুমকি দেন।
কারা কতৃপক্ষ সূত্রে জানা গেছে, মূলত তিনটি কারণে বেগম জিয়া অনশনের হুমকি দিয়েছেন। যে কক্ষে বেগম জিয়াকে রাখা এর পরিবেশ তাঁর পছন্দ হচ্ছে না। কারাগারের খাবার নিয়েও অভিযোগ আছে বেগম জিয়ার। আর সর্বশেষ ও মূল কারণ হিসেবে আছে বেগম জিয়ার খাস কর্মচারী ফাতেমা বেগমকে সরিয়ে নেওয়ায় কারাগারের নির্দেশ।
শনিবার সকালে জেলার বেগম জিয়াকে জানিয়েছেন, কারাগারে তাঁর সঙ্গে গত তিন দিন ধরে থাকা ফাতেমা বেগম আর তাঁর সঙ্গে থাকতে পারবেন না। তাঁকে (ফাতেমা) কারাগার ছেড়ে চলে যেতে হবে। সকালে কারাগার কতৃপক্ষের এমন সিদ্ধান্ত জানানোর পরপরই বেগম জিয়া অনশনের হুমকি দেন।
দীর্ঘ ১০ বছর মামলা চলার পর গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় রায়ে বেগম জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। আর তারেক জিয়াসহ অপর চারজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সবার একই শাস্তি হলেও বেগম জিয়ার বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় কারাদণ্ড ১০ বছরের স্থলে ৫ বছর করা হয়।
রায়ের পরপরই বেগম জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে ফাতেমা বেগমকে (৩৫) বেগম জিয়ার সঙ্গে থাকার অনুমতি প্রার্থনা করা হয়। ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বেগম জিয়ার গৃহপরিচালিকা। আদালত ওই সময় তাঁকে (ফাতেমা) থাকার সাময়িক অনুমতি দিলেও, কারা কতৃপক্ষ কখনোই ফাতেমা বেগম থাকার ব্যাপারে কোনো অনুমতি দেয়নি।
রায়ের পরপরই বেগম জিয়াকে নিচ্ছিদ্র নিরাপত্তায় পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। সঙ্গে ফাতেমা বেগমকেও নেওয়া হয় কারাগারে। দুই কক্ষের বিশেষ কারাগারে একটিতে থাকতেন বেগম জিয়া, অপরটিতে ফাতেমা বেগম। বেগম জিয়ার পা ম্যাসাজসহ বিভিন্ন ফুটফরমাশ কাজ করতেন ফাতেমা।





