দুর্নীতি মামলায় বর্তমানে জেলে বন্দি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জেল কোড অনুযায়ী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে কাজ করতে হবে। তবে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদার বন্দি হওয়ায় তাকে ঠিক কি কাজ দেয়া হবে, তা এখনো কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেনি।
এবিষয়ে ঢাকা জেল সুপার জাহাঙ্গির কবীর জানান, সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের নির্ধারিত পোশাক পরতে হয়। সেইসাথে কাজও করতে হয়। আর এর কোনো বিকল্প নেই। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে এবিষয়ে দুএকদিন পরে সিদ্ধান নেয়া হতে পারে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক এক জেল সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন হাইপ্রোফাইল বন্দির ক্ষেত্রে শ্রম দেয়া না দেয়া একই কথা। মূলত এটা কাগজ-কলমে দেখানোর জন্য।
তিনি বলেন, ‘ভিভিআইপি বন্দিদের শৌখিন বাগান করা বা লাইব্রেরি দেখাশোনার মতো শ্রমে লাগানো হয়। কিন্তু, খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে এ ধরনের কোনো কাজ সত্যিকার অর্থে নেই।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।
মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
রায়ে ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।





