রুহুল আমিন বাদশা কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের কর্মচারী। এক দশক ধরে তিনি অফিস পাহারা দিচ্ছেন। পরিবারের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সমর্থক হলেও একমাত্র খালেদা জিয়ার কারণে বাদশা বিএনপি করে।

এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া করে ২০০৮ সালে মহেশখালী থেকে কক্সবাজার শহরে এসে বিএনপি অফিসে চাকরি নেন বাদশা। সেই থেকে কক্সবাজার বিএনপি অফিসের সবচেয়ে পরিচিত মুখ তিনি।

বৃহস্পতিবার খালেদা জিয়ার কারাদণ্ডের রায় শুনে বাদশা কান্নায় ভেঙে পড়েন। রাত নয়টা পর্যন্ত তাকে সান্ত্বনা জানাতে অফিসে আসেননি বিএনপি, এর অঙ্গ সংগঠনের কোনো নেতা। এমনকি কেউ ফোন করেও তার খবর নেননি।

এ বিষয়ে বাদশা বলেন, ‘কত নেতার কত লম্বা কথা শুনি। সবাই এতদিন বলেছেন- ম্যাডামের কিছুই হবে না। জেলে নিলে দেশ অচল করে দেব। কাজের বেলায় কাউকেই তো দেখছি না।’

তিনি জানান, বিগত চার দিন ধরে পার্টি অফিসে তিনি একা। নেতারা গ্রেফতার আতঙ্কে আসেন না। ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।