জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছর সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা গেছে, দুপুর সোয়া ২ টায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু’র নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ফকিয়াপুল থেকে বিএনপি কার্যালয় হয়ে নাইটিঙ্গল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মিছিলের থেকে ৩ জন কর্মীকে আটক করে পুলিশ। তবে আটককৃতদে নাম জানা যায়নি।
এদিকে পল্টন থানা বিএনপির উদ্যোগে পল্টন মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। তবে মিছিলে কেন্দ্রীয় কোন নেতাকে দেখা যায়নি।
এর আগে গতকাল জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ ঢাকাসহ সারাদেশে উপজেলা ও জেলা পর্যায়ে নামাজের পরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।





