বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাকে জেলে পাঠালেও সরকারের খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে না।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমন থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাবো না। আল্লাহই আমার একমাত্র ভরসা। আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না।’
তিনি ছাত্রজনতাকে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কোনো কর্মসূচিতে বাধা দেবেন না। সবাই সাবধান ও সতর্ক থাকবেন। এ দেশ কোনো ব্যক্তি বা দলের নয়।
তিনি বলেন, ‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।’
এ সময় খালেদা জিয়া আরও বলেন, সমগ্র বাংলাদেশ আজ এক বৃহৎ কারাগার এ কারাগার থেকে আমরা মুক্ত হবো ইনশাল্লাহ।
সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই রক্তপিপাসু শাসকদের হাত থেকে গণতন্ত্র রক্ষ সহজসাধ্য কাজ না। জনগণ পরাজিত হবে না। যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে, তার ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে।’
‘দেশকে একটি বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছে। জনগণের শাসনের মাধ্যমে দেশকে মুক্ত করতে পারলে দেশকে আমরা মুক্ত করতে পারব।’
আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। রায়ের আগের দিন আজ সংবাদ সম্মেলন করলেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।





