আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা আওয়ামী লীগ সরকার-শেখ হাসিনার সরকার দায়ের করেনি।
তত্বাবধায়ক সরকারের সময় দুদক এ মামলা দায়ের করেছে। আমরা কখনও বিএনপিকে শক্র মনে করি না। কিন্তু বিএনপি-খালেদা জিয়া আওয়ামী লীগকে শত্রু মনে করে। আমরা শুধু বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। আমরা কখনও চাইবো না খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো রকম নৈরাজ্য সৃষ্টি হোক। তারা যদি উস্কানি দেয়, হাইকোর্টের মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরাও চুপ থাকবো না
ওবায়দুল কাদের বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরূদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ওই দিন আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচি দেবে না। তবে, জননিরাপত্তায় বিঘ্ন ঘটলে পুলিশকে সহযোগিতায় রাস্তায় নামবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় নেতিবাচক কথা বার্তা ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আদালতের রায় কি হবে সেটা আমরাও জানি না। আজকের সভায় আমাদের মহানগর নেতাদেরও বলা হয়েছে, ওই দিন যেনো আমাদের পক্ষ থেকে কোন রকম উস্কানি সৃষ্টি না করা হয়।
তবে, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে, রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে। আমি আমাদের নেতা-কর্মীদের বলবো: আমাদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনগণের জান মালের নিরাপত্তায় যদি কোন রকম হুমকির সৃষ্টি হয় তাহলে নিরাপত্তার স্বার্থে পুলিশের সহযোগিতায় মাঠে নামবে আওয়ামী লীগ।





