বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে পুলিশ আটক করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। পুলিশ ও র্যাবের একাধিক সূত্র এই আটকের বিষয় অস্বীকার করেছে।
রাজধানীর মালিবাগ থেকে আজ মঙ্গলবারভোররাত ৪টার দিকে সোহেলকে আটক করা হয় বলে বিএনপির একাধিক সূত্রের দাবি। গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেট যান। চেয়ারপারসনের সফরসঙ্গীদের সঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন। আজ ভোররাত ৪টার দিকে খালেদা জিয়া ঢাকা ফেরেন।
সোহেল মালিবাগের একটি বাসায় ছিলেন। সেখান থেকে তাঁকে ভোররাত সাড়ে ৪টার দিকে আটক করা হয় বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাকে ভোরে হাবিব-উন-নবীর পরিবার থেকে জানানো হয়েছে যে তাঁকে আটক করা হয়েছে। ’বিএনপির চেয়ারপারসনের প্রেস বিভাগের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘হাবিব-উন-নবী সোহেলকে আটক করা হয়েছে বলে আমরা জেনেছি। ’
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন, র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ সোহেলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেননি।





