নিম্ন আদালত এখন সরকারের কব্জায়, সঠিক রায় দেয়ার ক্ষমতা এখন আদালতের নেই ভলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানী হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা দুর্নীতির মামলা চালাচ্ছে সরকার। এই মামলায় আমার কোনো অপরাধ নেই, গায়ের জোরে বিচার করছে সরকার। দলীয় নেতাকর্মীদের মতো প্রশাসনকে ব্যবহার করে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে সরকার বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে আজ বিচার কোথায়? কোনো অপরাধ আমি করিনি। তারপরও গায়ের জোরে বিচার করতে চাইছে সরকার। পিপি সাহেবকে দিয়ে এমনভাবে কথা বলতে বাধ্য করা হয়, যাতে তার স্বর শুনলে বোঝা যায়, শক্তিটা আসছে কোথা থেকে!’
ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি কালাকানুন। মানুষের কথা বলা তো বন্ধই হয়ে গেছে। এখনো আমাদের দলেরসহ যারা একটু-আধটু বলতে চান, তাদের মুখ বন্ধ করতেই ৩২ ধারা দিয়ে কালাকানুন পাস করতে চাইছে সরকার।’
এরআগে বেলা ১১টা ১০ মিনিটে খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা শুরু হয়। শুরুতেই ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর থেকে এখন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।





