চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার বিকেলে তিনি মাদরাসা ক্যাম্পাসে পৌঁছান৷

এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুফতি জসিমুদ্দীন, মাওলানা আনাস মাদানীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ৷ গাড়ি থেকে নেমে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসার নির্মাণাধীন ‘বেনায়ে ফুজলায়ে দারুল উলুম’ নামক ভবনের কাজ পরিদর্শন করেন৷

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হুজুর অসুস্থ ছিলেন শুনে হুজুরকে দেখতে ও হুজুরের থেকে দোয়া নেয়ার ইচ্ছে ছিল। সে উদ্দেশ্যে উনার সঙ্গে দেখা করতে এসেছি। তার কাছে দেশের জন্য দোয়া চেয়েছি। তিনি দেশের জন্য দোয়া করেছেন। তিনি সবার জন্য মন খুলে, প্রাণ খুলে দোয়া করেছেন।

খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে হেফাজতকে কোনো বার্তা দিতে এসেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে কিছুই হবে না। আইনমত তার বিচার হচ্ছে। দেশের মানুষ অনেক শান্তিকামী, দেশের মানুষ ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। কাজেই আমরা মনে করি খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে কোনো কিছুই হবে না।

সামনের নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কোনো আলাপ নয়, শুধু হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছি।

হেফাজতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাটির দারুল হাদিস পরিদর্শন শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের বলেন, এই মাদরাসায় এসে আমি যথেষ্ট অভিভূত হয়েছি। এখানে না এলে আমি কখনো বুঝতে পারতাম না যে, এই মাদরাসায় এতগুলো ডিপার্মেন্ট রয়েছে। কওমি মাদরাসার ছাত্রদের বাংলায় কথা বলার ধরণ দেখলে আমার আশ্চর্য লাগে যে এখানে পড়ালেখা করে কীভাবে তারা এত সুন্দর বাংলা লেখতে ও বলতে পারে!

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো.কামাল উদ্দিন, চট্টগ্রামের ডিআইজি ড. মনিরুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন মাওলানা শওকত বিন হামিদ দৌলতপুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ফরিদ উদ্দিন আল মোবারক প্রমুখ।