বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বর রায়কে পুলিশ প্লাজার সামনে থেকে ধরে নিয়ে গেছে পুলিশ।
ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বিএনপির নেতাকর্মীরা কার্জন হলের সামনে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং পুলিশের হাতে আটক দু’জনকে তারা ছিনিয়ে নেয়।
তাদের হামলায় সাতজন পুলিশ আহত হয়েছে। তারা পুলিশের দুই সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে ভাঙচুর করে। সহিংসতার অভিযোগে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে, বলেন পুলিশ কমিশনার।
এদিকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক এবং অনিন্দ্য ইসলাম অমিতকে ‘তুলে নেওয়ার’ পর রাতে রাজধানীতে অন্তত তিন নেতার বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।
আরো জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন অফিসের আশেপাশেও গোয়েন্দা পুলিশের সংখ্যা বেড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে অবস্থান করছেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসানের পল্লবীর বাসাও পুলিশ ঘিরে রেখেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক জানিয়েছেন, আহসান উল্লাহ হাসানের মিরপুর পল্লবীর ৬ নম্বর সেকসনের বাসায় রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তল্লাশি চালিয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ইস্কাটন রোডে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসা ঘিরে রাখে। তাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা-এ ব্যাপারে কেউ কোন তথ্য জানাতে পারেনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাতে গ্রেপ্তারকৃত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার। কারণ সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। সজ্জন, অমায়িক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের সর্বনাশা চণ্ডনীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হওয়ার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
অনিন্দ্য ইসলাম অমিতকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘অমিতের অবস্থান নিশ্চিতকরণ এবং অবিলম্বে তাঁর পরিবারের নিকট হাজির করার জোর দাবি জানাচ্ছি।’
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার রাতে বলেন, অনিন্দ্য ইসলাম অমিতকে রাত ১২টার দিকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দলকে অবহিত করা হয়েছে।





