বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে।আর সেই দিন নির্ধারণ হয়ে যাবে খালেদার ভাগ্য।
আজ বৃহস্পতিবার আদালত এই দিন ধার্য করেন। বৃহস্পতিবার বিকালে ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন। এ সময় খালেদা জিয়া এজলাসে উপস্থিত ছিলেন।
দুদক ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায়ের জন্য এদিন ধার্য করে দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। আজ যুক্তিতর্ক উপস্থাপনের সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এই মামলায় আরো আসামী করা হয়েছে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।





