সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই জেলে যাবেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট জেলার পূর্বসাপটানায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘বেগম জিয়া জেলে যাবেন। কারো সন্দেহ আছে মনে? ওনাকে জেলে যেতে হবে। আমাকে ছয় বছর জেলে আটকে রাখা হয়েছিল। আমার স্ত্রীকেও জেলে নিয়েছিলেন।
মাটিতে শোয়ায় রাখা হয়েছিল ১০ দিন। ’
তিনি বলেন, ‘আমার পাঁচ বছরের বাচ্চা, তাকেও জেলে নিয়েছিলেন। দুই-আড়াই বছর জেলে ছিল। লেখাপড়া করতে পারেনি। মনে দুঃখ তো আছে। ’
এরশাদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘এতোদিন পরে বুঝতে পারছেন- আল্লাহপাকও আছেন, তার বিচারও আছে। সুবিচার আমাদের উপর হবে। ওনার (খালেদা) বেশি দিন নাই। ওনাকে জেলে যেতে হবে। ’
তিনি বলেন, ‘(খালেদা) জেলে গেলে বিএনপির অবস্থা কী হবে সেটা আপনারা বলেন। হয় বিএনপির একটা অংশ বলবে- খালেদা জিয়া জেলে কেন আমরা নির্বাচন করব না। হয়তো কিছু অংশ বলবে ঠিক আছে নির্বাচন না করলে বিএনপি থাকবে না। হয়তো একটা অংশ নির্বাচন করতে পারে। ’
নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আমার ছোট ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী। আর কোনো সন্দেহ নাই। সব বাধা উপেক্ষা করে এবং বিভেদ ভুলে গিয়ে তাকে বিজয়ী করবেন। আমার সম্মান রক্ষা করবেন।





