মাঝে মাঝে পুরোনো কথাবার্তা মনে করতে পারছেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার রাতে ল্যাব এইডের কার্ডিয়াক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী এ কথা জানান। তিনি বলেন, মাঝে মাঝে কথাবার্তা মনে করতে পারছেন না বলে আইভী নিজেই জানিয়েছেন। মস্তিস্কে রক্তক্ষরণের কারণে এমনটা হচ্ছে কি-না জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী জানান, আইভীর চিকিৎসার্থে তার নেতৃত্বে নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. মাসুদ আনোয়ার (নিউরোসার্জন) ও অধ্যাপক ডা. আবুল জাহেদ (কার্ডিওলজিস্ট)।
শনিবার সকালে বোর্ড সদস্যদের তত্ত্বাবধানে আইভীর মস্তিস্কের ফের সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যান করে মস্তিস্কে রক্তক্ষরণের পরিমাণ বাড়লো না-কি কমলো তা দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ডা. আইভী। ফলে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।





