শাসক দল যদি খালেদা জিয়াকে কারাগারেও পাঠায় তারপরও তিনি পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপনকালে এ দাবি করেন মওদুদ।
তিনি দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি আইনানুগ হয়নি, এটি প্রথম দিনেই খারিজ করে দেয়া উচিত ছিল।
মওদুদ বলেন, “শাসক দলের দ্বারা বিরোধী রাজনীতিকরা সব সময় নির্যাতিত হয়েছে। নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে আমরাও জেল খেটেছি। খালেদা জিয়াকে জেলে পাঠাতে পারবেন কিন্তু এতে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে না। বরং আমি বলতে পারি- খালেদা জিয়াই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী।”
মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। এর পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন মওদুদ আহমদ।
এর আগে গত ১১ জানুয়ারি ৯ম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।





