ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নির্বাচনের তফসিল ঘোষণার অনেক পূর্বে থেকেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতিকের হাল ধরার জন্য তাবিথকেই প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিলেন। এখন শুধু মনোনয়ন বোর্ড গঠন করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

এর আগে, রোববার দুপুর আড়াইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র কিনে সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ২৫ হাজার টাকা জামানতসহ তা জমা দেন।

এ সময় সাংবাদিকদের তাবিথ বলেন, আমি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন ফরম কিনেছি। আমি আশাবাদী বিএনপির মনোনয়ন পাবো। কারণ এই নির্বাচনের প্রথম পর্ব আমাকে সমর্থন দিয়েছিল। ঐসময়ে দল সন্তোষ হয়েছে আমার নির্বাচনী কর্মকাণ্ড দেখে। এবারো আমি আশাবাদী।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী আমি কালকে জমা দেব। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলবো। তবে দল আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিলে তার হয়ে আমি এবং আমার সমর্থকরা কাজ করবো।

গত, রবিবার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। প্রথমেই বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মনোনয়ন ক্রয় করেন। এরপর বিএনপির মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সভাপতি এম এ কাইয়ূম এবং বিএনপির সাবেক এমপি বহিষ্কৃত নেতা মেজর (অব) আখতারুজ্জামান। দুপুর দেড়টার দিকে মনোনয়ন ফরম কেনেন দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।